স্বামীর মৃত্যুর পর ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি।
সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর তার শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ দিতে এ অনুমতি দেওয়া হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে থাকবেন তিনি। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন।
দীপু মনির প্যারোলের জন্য আবেদন করেন তার মেয়ে তানি দিপাবলি নেওয়াজ। বুধবার দুপুরে মায়ের সঙ্গে দেখা করতে কারাগারে যান তিনি। পরে সেখান থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্যারোলে মুক্তির আবেদন জমা দেন। অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদনটি দেওয়া হয়।
এর আগে পরিবারের পক্ষ থেকে চার দিনের প্যারোল চাওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত ১২ ঘণ্টার অনুমোদন দেওয়া হয়েছে।
দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এর আগে তার গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করে দীপু মনির জন্য প্যারোলে মুক্তির আবেদনও করা হয়েছিল।
দীপু মনি বর্তমানে একাধিক মামলায় কারাগারে রয়েছেন। ২০২৪ সালের আগস্টে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে।

মতামত দিন