আবহাওয়া
ছবি: সংগৃহীত

আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, দমকা হাওয়ার সঙ্গে ভারী বর্ষণের আভাস।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে পরবর্তী পাঁচ দিনে বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

এর পেছনে অন্যতম কারণ হিসেবে ঝাড়খণ্ড ও বিহারসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপকে চিহ্নিত করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার এই ব্যবস্থা ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে দুর্বল হয়ে আসতে পারে। একই সময়ে মৌসুমি বায়ুও দেশের ওপর সক্রিয় রয়েছে।

আজকের আবহাওয়া

বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগেরও বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।

দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

বৃহস্পতিবারও বৃষ্টি থাকবে

বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির বিস্তার তুলনামূলক বেশি থাকতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথা।

শুক্রবার থেকে রোববার পর্যন্ত

শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। ঢাকা, খুলনা ও বরিশালেও বৃষ্টি হতে পারে। কোনো কোনো এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

শনিবার ও রোববারও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। দেশের অন্য বিভাগগুলোরও কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, সক্রিয় মৌসুমি বায়ু ও স্থল নিম্নচাপের প্রভাবে কয়েক দিন ধরে বৃষ্টির এই ধারা চলতে পারে। প্রতিবেশী ভারতেও একই আবহাওয়া ব্যবস্থার কারণে পূর্ব ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাত বাড়ার পূর্বাভাস রয়েছে।

সব মিলিয়ে আগামী কয়েক দিন দেশের আবহাওয়া মূলত বৃষ্টিপ্রবণই থাকতে পারে। বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনাযুক্ত এলাকায় জলাবদ্ধতা ও স্থানীয়ভাবে দুর্ভোগ তৈরি হতে পারে।

মতামত দিন