কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির নাম-পরিচয় জানা গেল।
কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নয়জনের মধ্যে ছয়জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক।
শনাক্ত হওয়া বাংলাদেশিদের চারজনের বাড়ি কুষ্টিয়ায়। তারা হলেন শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত ও মো. আকরাম আলী। আরেকজন আহমেদ বাবুর বাড়ি ঢাকার সাভারে। ঝাড়খণ্ডের গিরিডি জেলার সন্দীপ পাসওয়ান নামে ১৯ বছর বয়সী এক তরুণের পরিচয়ও নিশ্চিত হয়েছে।
কুষ্টিয়ার আরুয়াপাড়ার একই পরিবারের ঠিকানা থেকে শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন ও দেবাশিস দত্তের পরিচয় পাওয়া গেছে। আর মো. আকরাম আলীর বাড়ি কুষ্টিয়ার থানাপাড়া এলাকায়। সাভারের আহমেদ বাবুর ঠিকানা আমিনবাজারের বেগুনবাড়ি। সন্দীপ পাসওয়ানের বাড়ি ঝাড়খণ্ডের পিলমউ গ্রামে।
কঠোর হওয়ার ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের
হোটেলটিতে অগ্নিকাণ্ডের পর পশ্চিমবঙ্গ সরকারও বিষয়টি নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে। ঘটনাস্থল ঘুরে দেখেছেন রাজ্য সরকারের তিন মন্ত্রী।
শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় জানিয়েছেন, অগ্নিনিরাপত্তা বিধি বা অনুমোদনের ক্ষেত্রে কোনো অনিয়ম পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না। কলকাতার বিভিন্ন হোটেল ও গেস্ট হাউসের লাইসেন্স, অনুমতি এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যাচাই করার কথাও জানিয়েছেন তিনি।
কোথাও নিয়ম না মানার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এমনকি স্থানীয় প্রশাসন বা পৌর কর্তৃপক্ষের কারও গাফিলতি পাওয়া গেলেও তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মন্ত্রী।
হোটেল থেকে উদ্ধার প্রায় ৮০ জন
বুধবার ভোররাতে মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পাশাপাশি ধোঁয়ায় হোটেলের বিভিন্ন অংশ ঢেকে যায়। সরু প্রবেশপথের কারণে উদ্ধারকাজেও তৈরি হয় বাড়তি ঝুঁকি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অভিযানে প্রায় ৮০ জনকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। তবে নয়জনকে অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
তিনজনের পরিচয় এখনো নিশ্চিত না হওয়ায় তাদের শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডের পেছনে হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি বা নিয়মভঙ্গ ছিল কি না, সেটিও খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন