হলফনামা নিয়ে প্রশ্ন, হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে তার সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে হাইকোর্টে আবেদন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন এ বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। বিষয়টি আদালতে উপস্থাপনের পর বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এর শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।
রিটে শুধু এমপি পদ বাতিলের দাবি নয়, আব্দুল হান্নান মাসউদের আসনটি শূন্য ঘোষণা করার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে সরকারের কাছে।
আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।

মতামত দিন