অর্থনীতি
ছবি: সংগৃহীত

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে চড়ছে তেলের দাম।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি বাজারকে নতুন করে চাপে ফেলেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের কারণে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কায় বুধবারও অপরিশোধিত জ্বালানির দাম ঊর্ধ্বমুখী ছিল।

এ নিয়ে টানা চার দিন বাড়ল তেলের দাম।

এশিয়ার বাজারে এদিন ব্রেন্ট ক্রুডের ব্যারেলপ্রতি দর উঠে ৯১ দশমিক ২৮ ডলারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়ে ৮৫ দশমিক ৩১ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, পরিস্থিতির পেছনে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন করা হয়। সেখানে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে তেল সরবরাহে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর সম্ভাবনাও দুর্বল হয়ে পড়ছে। ফলে বিনিয়োগকারীরা সম্ভাব্য সরবরাহ সংকটের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। মঙ্গলবারও তেলের দাম গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ অবস্থানে উঠেছিল।

হরমুজ প্রণালীতে দীর্ঘস্থায়ী কোনো সমস্যা তৈরি হলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামের ওপর বড় চাপ তৈরি করতে পারে। এই আশঙ্কাই বর্তমানে তেলের বাজারকে অস্থির করে তুলছে।

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্রুত কোনো সমঝোতা না হলে সামনে জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। বিশেষ করে হরমুজ দিয়ে তেল পরিবহন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন