রাষ্ট্রপতি নির্বাচন বৃহস্পতিবার, সংসদে ভোট দেবেন ৩৪৯ এমপি।
রাষ্ট্রপতি নির্বাচনে এবার মুখোমুখি হচ্ছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে তাদের মধ্যে ভোট হবে।
মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হলেও কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে দুজনকে নিয়েই ভোটের আয়োজন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
এদিন আগারগাঁওয়ে ইসির সংবাদ সম্মেলনে ভোটের নিয়মকানুন ব্যাখ্যা করেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ কক্ষে ভোটগ্রহণ চলবে।
যেভাবে ভোট দেবেন এমপিরা
ভোট শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের ব্যালট ব্যবহারের নিয়ম বুঝিয়ে দেবেন। প্রত্যেক ভোটারকে প্রথমে ব্যালটের মুড়ি অংশে থাকা তথ্য যাচাই করে নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে। এরপর তার হাতে মূল ব্যালট তুলে দেওয়া হবে।
মূল ব্যালটে দুই প্রার্থীর নাম বাংলা বর্ণমালার আদ্যাক্ষর অনুযায়ী ছাপানো থাকবে। পছন্দের প্রার্থীর নামের পাশে নির্দিষ্ট জায়গায় নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষরের মাধ্যমে ভোট দিতে হবে। পরে ব্যালট নির্ধারিত বাক্সে জমা দিতে হবে।
ভোট শেষে দ্রুতই গণনা
ইসি সচিব জানান, বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গণনা শুরু হবে। এবার মোট ভোটার ৩৪৯ জন। গণনার সময় কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ হয়েছে, কতগুলো বাতিল হয়েছে এবং কতগুলো অব্যবহৃত রয়েছে—সব হিসাব করা হবে।
এরপর বৈধ ভোটের মধ্যে দুই প্রার্থী কে কত ভোট পেয়েছেন, তা নির্ধারণ করা হবে। সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনকর্তা।
ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশনে ফিরে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

মতামত দিন