আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৮ বাংলাদেশির।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে আগুন লেগে আট বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে এ অগ্নিকাণ্ড ঘটে।

কলকাতা পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহত ও আহত সবাই হোটেলটির অতিথি ছিলেন। তারা চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে কলকাতায় গিয়েছিলেন। আগুনের ঘটনায় আহতদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, পাঁচতলা ভবনটির তৃতীয় তলায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো হোটেল। ভেতরে থাকা অতিথিদের অনেকে বের হতে না পেরে আটকা পড়েন।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের একেবারে কাছেই ভবনটির অবস্থান হওয়ায় খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। পরে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি হোটেলের ভেতরে আটকে থাকা অতিথিদের উদ্ধারে অভিযান চালানো হয়।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ফায়ার সার্ভিসের তথ্যে আরও জানা গেছে, ভবনটির প্রতিটি তলায় বিভিন্ন নামে একাধিক হোটেল পরিচালিত হচ্ছিল। সরু ও অপ্রশস্ত প্রবেশপথের পাশাপাশি পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থাও ছিল না বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এখনও নিহত আটজনের নাম-পরিচয় প্রকাশ করেনি কলকাতা পুলিশ। তবে তারা নিশ্চিত করেছে, মৃত সবাই বাংলাদেশের নাগরিক। আহত আটজনের অবস্থাও গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মতামত দিন