আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের জন্য ‘সাদা পতাকা’ ওড়ানোর আহ্বান ট্রাম্পের।

নিজেস্ব প্রতিবেদক:

চলমান সংঘাতের মধ্যে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তেহরানকে উদ্দেশ করে বলেন, ইরানের উচিত আত্মসমর্পণের সংকেত হিসেবে সাদা পতাকা ওড়ানো।

২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালীর পরিস্থিতি উত্তপ্ত। ইরান কার্যত গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করে রেখেছে বলে দাবি করা হচ্ছে। তবে ট্রাম্প বারবার বলে আসছেন, প্রণালীর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

শুক্রবার আরও এক ধাপ এগিয়ে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করার কথা বলেন ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিশ্বের গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহনপথের মালিকানা ইরানেরই থাকবে।

যুদ্ধের আগে হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌপথ হিসেবে ব্যবহৃত হতো। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশসহ বিপুল পরিমাণ পণ্য এই পথ দিয়ে পরিবহন করা হতো। ফলে প্রণালীটি ঘিরে সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং দেশটির বিতর্কিত পারমাণবিক কর্মসূচি বন্ধে চাপ তৈরির চেষ্টা চলছে। এর পাল্টা চাপ হিসেবে তেহরান হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

তবে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং যুদ্ধ নিয়ে জনমতের বিরোধিতা থাকলেও ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করছে—এমন রাজনৈতিক বাস্তবতার মধ্যেও নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, তার প্রশাসনের সঙ্গে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের কর্মকর্তাদের সরাসরি যোগাযোগের একটি গোপন চ্যানেল রয়েছে। ইরানের কর্মকর্তাদের দর-কষাকষির দক্ষতার প্রশংসা করলেও একই সঙ্গে ট্রাম্প বলেন, তারা ‘ভালো পোকার খেলোয়াড়’, কিন্তু ‘তারা মারা যাচ্ছে।’

মতামত দিন