জাতীয়
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০।

নিজেস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বৌলতলী এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে লোকাল বাস ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টেকেরহাট থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল সোনালী পরিবহনের একটি লোকাল বাস। বৌলতলী এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে ট্রাকটি উল্টে পড়ে সড়কের ওপর।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন। বাস ও ট্রাকের ভেতর থেকে হতাহতদের বের করে হাসপাতালে পাঠানো হয়।

আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।

বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শফিউল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কী কারণে দুই যানবাহনের মধ্যে সংঘর্ষ হলো, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ বের করতে তদন্ত চলছে। নিহত তিনজনের পরিচয়ও এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

মতামত দিন