নারীদের নিরাপদ যাতায়াতে আজ চালু ‘পিংক বাস’, চলবে যেসব পথে।
নারীদের গণপরিবহনে চলাচল আরও স্বস্তিদায়ক ও নিরাপদ করতে ঢাকার বিভিন্ন রুটে বিশেষ বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ‘পিংক বাস’ নামে পরিচিত এই সেবায় চালক থেকে শুরু করে কন্ডাক্টর—দায়িত্বে থাকবেন নারী কর্মীরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হবে। সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে বিআরটিসি।
শুরুতে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে ১০টি বাস চালানোর পরিকল্পনা রয়েছে। ঢাকার বাইরে বগুড়ায় দুটি ও চট্টগ্রামে দুটি বাস দিয়ে কার্যক্রম শুরু হবে। এ ছাড়া পর্যায়ক্রমে আরও চারটি বাস যুক্ত করার কথা রয়েছে।
ঢাকার যেসব পথে পিংক বাস চলবে, সেগুলোর মধ্যে রয়েছে—নতুন বাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও, মিরপুর-১০ থেকে মতিঝিল, মিরপুর থেকে মতিঝিল, মিরপুর-১২ থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে মতিঝিল এবং আব্দুল্লাহপুর থেকে মতিঝিল রুট। গাজীপুর-বিমানবন্দর পথেও একটি বাস চলাচল করবে।
নতুন বাজার-মতিঝিল রুটে বাসটি কোকাকোলা, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে চলবে। তালতলা-মতিঝিল রুটে খিলগাঁও, বাসাবো, মুগদা, কমলাপুর, আরামবাগ ও শাপলা চত্বর হয়ে মতিঝিলে যাবে।
মিরপুরের বিভিন্ন রুটের বাসগুলো টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিলের সঙ্গে সংযোগ তৈরি করবে। আর মোহাম্মদপুরের বাস শংকর, ধানমণ্ডি, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে পৌঁছাবে।
এদিকে আব্দুল্লাহপুর-মতিঝিল রুটের বাস বিমানবন্দর, খিলক্ষেত, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ ও প্রেস ক্লাব হয়ে চলবে। গাজীপুর-বিমানবন্দর রুটে গাজীপুর, বোর্ডবাজার, গাজীপুরা, আব্দুল্লাহপুর ও আশপুর হয়ে বাস চলাচল করবে।
রাজধানীর বাইরেও থাকছে এই বিশেষ সেবা। বগুড়ায় শেরপুর-মাটিডালি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি করে পিংক বাস চালানো হবে। চট্টগ্রামের বাসগুলো বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার হয়ে পতেঙ্গায় যাবে।
বিআরটিসি মনে করছে, নারীদের জন্য আলাদা বাস চালু হলে গণপরিবহনে তাদের নিরাপত্তা ও যাতায়াতের স্বাচ্ছন্দ্য বাড়বে। একই সঙ্গে নারী চালক ও কন্ডাক্টরদের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ।

মতামত দিন