খায়রুল হকের মুক্তিতে আর আইনি বাধা নেই।
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কারামুক্তির পথে আর কোনো আইনি জটিলতা নেই। বনানী থানায় করা হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
সোমবার (১৭ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালতে এ বিষয়ে শুনানি হয়। খায়রুল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মোতাহার হোসেন সাজু ও মোনায়েম নবী শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
এর আগে গত ১০ আগস্ট বনানী থানার মামলায় খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে স্থায়ী জামিন কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছিল।
এদিকে এর আগে যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলাতেও তার জামিন বহাল রাখে আপিল বিভাগের চেম্বার আদালত। ওই মামলাটি করা হয়েছিল ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খোয়াইব নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায়।
এ ছাড়া খায়রুল হকের বিরুদ্ধে থাকা আরও সাতটি মামলায় তিনি আগেই জামিন পেয়েছেন। ফলে বনানীর মামলাতেও জামিন বহাল থাকায় কারাগার থেকে তার মুক্তির ক্ষেত্রে বর্তমানে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
মতামত দিন