বঙ্গোপসাগরের নিম্নচাপে ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার রাত ১টা পর্যন্ত ১৫টি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি।
অন্যদিকে সাগরেও পরিস্থিতি স্বাভাবিক নয়। নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে সমুদ্র ও উপকূলীয় এলাকায় অবস্থানরত সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন