চলতি বছরেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী।
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চালুর বিষয়ে চলতি বছরকেই লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এ বছরেই নতুন পে-স্কেল কার্যকর করা হবে।
সোমবার অর্থ মন্ত্রণালয়ে পে কমিশন সংক্রান্ত বৈঠক হয়। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে নতুন বেতন কাঠামোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, পে-কমিশনের সুপারিশে বেশ কিছু বিষয় রয়েছে। সেগুলো একসঙ্গে পর্যালোচনা করা হচ্ছে এবং আরও আলোচনা প্রয়োজন। এ বিষয়ে পরবর্তী সময়ে আবার বৈঠক হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করেন। তবে বেতন কাঠামো পরিবর্তনের পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাননি তিনি।
অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, পে-স্কেল কার্যকরের পাশাপাশি মূল্যস্ফীতি মোকাবিলায় সরকারের করণীয়ও পরবর্তী ঘোষণায় স্পষ্ট করা হবে।
মতামত দিন