ডিএমপির অভিযানে ৪৬৪ জন গ্রেপ্তার।
রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন ধরনের অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি ৫২টি মামলা করা হয়েছে।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সবচেয়ে বেশি ১২৩ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁওয়ে ৫৮, উত্তরা ৫৪, ওয়ারী ৫৩, মতিঝিল ৪৮, গুলশান ৪৪, লালবাগ ৪১, রমনা ৩৫ এবং গোয়েন্দা বিভাগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, রিভলবার, ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, দুটি সামুরাই ও একটি ছুরিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি ৮৬ কেজির বেশি গাঁজা, ৩ হাজার ৭৬৩ পিস ইয়াবা, হেরোইন ও মদও জব্দ করা হয়েছে।
এ ছাড়া ১০টি মোবাইল ফোন, বিভিন্ন ধরনের ট্যাপ, ২১ দশমিক ২ লিটার ওষুধের রাসায়নিক এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: বাসস
মতামত দিন