অর্থনীতি
ছবি: সংগৃহীত

দুর্বল ডলারে বিশ্ববাজারে বাড়ল স্বর্ণ-রুপার দাম।

নিজেস্ব প্রতিবেদক:

মার্কিন ডলারের দরপতন এবং দেশটির সাম্প্রতিক দুর্বল অর্থনৈতিক পরিসংখ্যানের প্রভাবে বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দাম বেড়েছে। বিশেষ করে স্বর্ণ ও রুপার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪০১ দশমিক ১৫ ডলারে উঠেছে। এর মধ্য দিয়ে গত সপ্তাহে পাওয়া দুই মাসের সর্বোচ্চ অবস্থান ধরে রেখেছে স্বর্ণ। ডিসেম্বরের মার্কিন ফিউচারেও দাম ০.৪ শতাংশ বেড়েছে।

বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্রের দুর্বল মূল্যস্ফীতির তথ্যের কারণে ডলারের ওপর চাপ তৈরি হয়েছে। এতে স্বর্ণের দাম ৪ হাজার ৪০০ ডলারের কাছাকাছি উঠেছে। তবে ৪ হাজার ৫০০ ডলার অতিক্রম করতে হলে ডলারের আরও পতন বা জ্বালানি তেলের দামে বড় ধরনের কমতি প্রয়োজন হতে পারে।

যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ও মূল্যস্ফীতির সাম্প্রতিক তথ্য দুর্বল হওয়ায় আগামী মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনাও কমেছে। ফেডওয়াচের হিসাবে, সেপ্টেম্বরে সুদহার বাড়ার সম্ভাবনা বর্তমানে ২৯ শতাংশ, যা এক মাস আগে ছিল ৪৭ শতাংশ।

অন্যান্য মূল্যবান ধাতুর দামও এদিন বেড়েছে। স্পট রুপার দাম ১.৮ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৬৫.৮২ ডলার হয়েছে। প্ল্যাটিনাম ০.৭ শতাংশ এবং প্যালাডিয়াম ১.৭ শতাংশ বেড়েছে।

এখন বাজারের নজর ফেডের জুলাই বৈঠকের কার্যবিবরণীর দিকে। পাশাপাশি গাজা নিয়ে শান্তি আলোচনা ও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিও মূল্যবান ধাতুর বাজারে প্রভাব ফেলছে।

সূত্র: রয়টার্স

মতামত দিন