ইউক্রেনের বড় ইস্পাত কারখানায় রুশ হামলা, নিহত ২।
ইউক্রেনের ক্রিভি রিহ শহরে লক্ষ্মী মিত্তালের মালিকানাধীন আর্সেলর মিত্তালের ইস্পাত কারখানায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দুই কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন।
সোমবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হামলায় কারখানার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, ব্লাস্ট ফার্নেসসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে উৎপাদনের একটি অংশ বন্ধ রাখতে হয়েছে।
জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহের এই কারখানাটি ইউক্রেনের অন্যতম বড় সমন্বিত ইস্পাত উৎপাদন কেন্দ্র।
রোববারের হামলাটি আসে ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার বিভিন্ন এলাকায় বড় ধরনের ড্রোন হামলার পর। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ৮২২টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করা হয়েছে।
রাশিয়ার মস্কো ও রোস্তভ অঞ্চলও হামলার শিকার হয়েছে। মস্কো অঞ্চলে ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। রোস্তভে নিহত হয়েছেন আরও পাঁচজন।
অন্যদিকে ইউক্রেনেও রুশ হামলায় হতাহতের ঘটনা ঘটছে। কিয়েভে হামলায় ছয়জন আহত হওয়ার পাশাপাশি একটি বড় বইয়ের বাজারে আগুন লাগে। জাপোরিঝঝিয়া, সুমি ও দোনেৎস্কেও হামলার খবর পাওয়া গেছে।
জেলেনস্কির দাবি, গত এক সপ্তাহে ইউক্রেনে ১ হাজার ৫৫০টির বেশি ড্রোন, প্রায় ১ হাজার ৫৬০টি গাইডেড বোমা এবং ৬২টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তিনি মিত্রদের কাছে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন।
সূত্র: এনডিটিভি
মতামত দিন