কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুকে আসছে নতুন সুবিধা।
কনটেন্ট নির্মাতাদের কাজ সহজ করতে এআইনির্ভর নতুন অ্যাপ চালু করেছে ফেসবুক। আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য তৈরি ‘ক্রিয়েটর স্টুডিও’তে কনটেন্টের পারফরম্যান্স থেকে শুরু করে দর্শকের প্রতিক্রিয়া—সবকিছু বিশ্লেষণ করে পরামর্শ দেওয়ার সুবিধা রয়েছে।
অ্যাপটির এআই সহকারী নির্মাতার পোস্ট ও দর্শকের আগ্রহ পর্যালোচনা করে জানাবে কোন ধরনের কনটেন্ট ভালো করছে। পাশাপাশি দিনের কোন সময়ে পোস্ট করলে বেশি দর্শক পাওয়া যেতে পারে, সেটিও বোঝার সুযোগ থাকবে।
মন্তব্য সামলানোর ক্ষেত্রেও ব্যবহার করা যাবে এআই। গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আলাদা করে দেখানোর পাশাপাশি প্রয়োজনে সেগুলোর সম্ভাব্য জবাব তৈরি করে দেবে অ্যাপ। সেই উত্তর নিজের মতো সম্পাদনা করে প্রকাশ করতে পারবেন নির্মাতারা।
অ্যাপ চালুর পর প্রতিদিনের কাজের অগ্রাধিকারও দেখানো হবে। সর্বশেষ পোস্টের ফলাফল, নির্ধারিত লক্ষ্য কতটা পূরণ হয়েছে এবং কোন মন্তব্যের জবাব দেওয়া প্রয়োজন—এসব তথ্য এক জায়গায় পাওয়া যাবে।
কয়েক সপ্তাহ পরীক্ষামূলক ব্যবহারের পর বুধবার আনুষ্ঠানিকভাবে ‘ক্রিয়েটর স্টুডিও’ চালু করেছে ফেসবুক। শুরুতে যুক্তরাষ্ট্র ও কানাডার আইফোন-আইপ্যাড ব্যবহারকারীরা সুবিধাটি পাচ্ছেন।
টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতার মধ্যে ফেসবুকের এই উদ্যোগ নির্মাতাদের প্ল্যাটফর্মে আরও সক্রিয় রাখতে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি কনটেন্ট বিশ্লেষণের জন্য বাইরের এআই টুল ব্যবহারের প্রয়োজনও কিছুটা কমতে পারে।
মতামত দিন