জাতীয়
ছবি: সংগৃহীত

শাহবাগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার যানজট কমাতে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে শাহবাগ মোড়ে পরীক্ষামূলকভাবে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম শাহবাগ মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

ডিএসসিসি জানিয়েছে, প্রাথমিকভাবে আটটি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এই সিগন্যাল ব্যবস্থা প্রস্তুত করা হয়েছে। এগুলো হলো বাংলামটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মিন্টো রোড, কাকরাইল সার্কেল, মৎস্য ভবন, কদম চত্বর, শিক্ষা ভবন ও শাহবাগ মোড়।

এর বাইরে আগামী কয়েক মাসে ঢাকা মহানগরীর আরও ৫০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে আধুনিক সিগন্যাল চালুর লক্ষ্য রয়েছে। এর মধ্যে শিগগির ডিএসসিসির আওতাধীন আরও ২২টি মোড়ে ব্যবস্থা চালু করা হবে।

এই পাইলট প্রকল্পে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কারিগরি সহায়তা দিচ্ছে। সিগন্যাল পুরোপুরি কার্যকর হলে ট্রাফিক পুলিশকে আগের মতো সার্বক্ষণিকভাবে হাতে সংকেত দেওয়ার প্রয়োজন কমবে।

প্রশাসক মো. আবদুস সালাম বলেন, যানজটের কারণে প্রতিদিন ঢাকার মানুষের বিপুল কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে যান চলাচল আরও শৃঙ্খলিত ও গতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

তবে শুধু প্রযুক্তি দিয়ে সমস্যার সমাধান হবে না বলেও তিনি উল্লেখ করেন। অবৈধ পার্কিং বন্ধের পাশাপাশি চালক ও পথচারীদের ট্রাফিক আইন মানতে হবে। রোড মার্কিং, জেব্রা ক্রসিং, নির্দিষ্ট লেন ও সতর্কীকরণ সাইন অনুসরণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

ইন্টারসেকশনগুলোতে ভাসমান দোকান বা অন্য কোনো প্রতিবন্ধকতা না রাখার আহ্বান জানানো হয়েছে। প্রশাসকের আশা, উদ্যোগটি সফল হলে নাগরিকদের কর্মঘণ্টা সাশ্রয়ের পাশাপাশি রোদ-বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের কষ্টও কমবে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বুয়েটের প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন ও প্রফেসর ড. মুহাম্মদ হাদিউজ্জামান এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন