দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা।
দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে থাকা লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্র ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কক্সবাজারে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও সৈয়দপুরে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বান্দরবানে।
ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৩ মিনিটে।

মতামত দিন