বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

আইফোন ১৮ আসার আগেই দাম বাড়ার শঙ্কা, বাড়তে পারে পুরোনো মডেলের দামও।

নিজেস্ব প্রতিবেদক:

অ্যাপলের পরবর্তী আইফোন সিরিজ বাজারে আসার আগেই দাম নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। প্রযুক্তিবিষয়ক তথ্যদাতা যোগেশ ব্রারের দাবি, আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে নতুন-পুরোনো সব আইফোনের দাম প্রায় ১০০ ডলার পর্যন্ত বাড়াতে পারে অ্যাপল।

তার তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের পাশাপাশি অ্যাপলের প্রথম বুক-স্টাইল ফোল্ডেবল ফোন ‘আইফোন আল্ট্রা’ও ওই সময়ে উন্মোচন হতে পারে।

দাম বাড়ার সম্ভাবনার তালিকায় রয়েছে বর্তমানে বিক্রি হওয়া আইফোন ১৭, আইফোন এয়ার ও আইফোন ১৭ই। অন্যদিকে আইফোন ১৭ প্রো ও ১৭ প্রো ম্যাক্সের বিক্রি বন্ধ করে দিতে পারে প্রতিষ্ঠানটি। ২০২৪ সালে বাজারে আসা আইফোন ১৬ ও ১৬ প্লাসও সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতের অ্যাপল স্টোরে বর্তমানে ২৫৬ জিবি আইফোন ১৭-এর দাম ৮২ হাজার ৯০০ রুপি। সম্ভাব্য ১০ হাজার রুপি বাড়লে এর দাম হতে পারে ৯২ হাজার ৯০০ রুপি। একইভাবে আইফোন এয়ারের দাম ১ লাখ ১৯ হাজার ৯০০ থেকে বেড়ে ১ লাখ ২৯ হাজার ৯০০ রুপি এবং আইফোন ১৭ই-এর দাম ৬৪ হাজার ৯০০ থেকে ৭৪ হাজার ৯০০ রুপি হতে পারে।

তবে দাম বাড়ার বিষয়টি এখনো নিশ্চিত করেনি অ্যাপল। এমনকি আগের কিছু প্রতিবেদনের সঙ্গেও নতুন দাবিটির পুরোপুরি মিল নেই। ফলে আপাতত এটিকে সম্ভাব্য মূল্যবৃদ্ধির পূর্বাভাস হিসেবেই দেখা হচ্ছে।

উৎপাদন ব্যয় বৃদ্ধিকে সম্ভাব্য মূল্যবৃদ্ধির অন্যতম কারণ মনে করা হচ্ছে। জুনে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকও ইঙ্গিত দিয়েছিলেন, উৎপাদন খরচ বাড়তে থাকলে বিভিন্ন পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হতে পারে প্রতিষ্ঠানটিকে।

এর আগে জুনে ম্যাকবুক, ম্যাক মিনি, আইপ্যাডসহ কয়েকটি পণ্যের দাম বাড়িয়েছিল অ্যাপল। তবে তখন আইফোনের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছিল। এবার আইফোন ১৮ সিরিজের বাজারে আসার সময় সেই সিদ্ধান্ত বদলাবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

মতামত দিন