জাতীয়
ছবি: সংগৃহীত

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন সরকারি নীতিমালা।

নিজেস্ব প্রতিবেদক:

ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশার নিবন্ধন, চালকের লাইসেন্স ও চলাচল নিয়ন্ত্রণে দেশের সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় একটি সমন্বিত নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক আলোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, ই-রিকশা ব্যবস্থাপনায় বিদ্যমান আইন ও বিধিমালা সময়োপযোগী করে একটি অভিন্ন লাইসেন্সিং কর্তৃপক্ষ নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী প্রচলিত বিধিমালাতেও সংশোধন আনা হবে।

সরকার মনে করছে, নিয়মতান্ত্রিক নিবন্ধন ও লাইসেন্সিং চালু হলে যানজট কমানো, সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাজস্ব আদায়ের সুযোগও তৈরি হবে।

প্রতিমন্ত্রী জানান, সিটি কর্পোরেশন এলাকায় ই-রিকশার নিবন্ধন ও চালকদের লাইসেন্স দেওয়ার সুযোগ তৈরিতে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন, ২০২৬’-এর কয়েকটি ধারা ও তফসিল ইতোমধ্যে সংশোধন করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর সিটি কর্পোরেশন এলাকায় ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে বিধিমালা জারি করে স্থানীয় সরকার বিভাগ। পরে ১৭ ডিসেম্বর তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

আলোচনা সভায় বুয়েটের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামানসহ স্থানীয় সরকার বিভাগ, দুই সিটি কর্পোরেশন ও ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন