বিনোদন
ছবি: সংগৃহীত

শাড়ি নিয়ে মামলায় জামিন, আদালত থেকে বেরিয়ে তানজিন তিশার ক্ষোভ।

নিজেস্ব প্রতিবেদক:

শাড়ি আত্মসাতের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।

শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিশা। এ সময় মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে অভিযোগকারীর বিরুদ্ধে নানা বক্তব্য দেন তিনি।

তিশার ভাষ্য, মামলার বাদী একজন নারী হলেও তার স্বামীর ক্ষমতা ব্যবহার করে তাকে হয়রানি করা হয়েছে। এ ঘটনায় তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন অভিনেত্রী। এ-সংক্রান্ত কিছু তথ্য ও প্রমাণ তার কাছে রয়েছে এবং উপযুক্ত সময়ে সেগুলো প্রকাশ করবেন বলে জানান তিনি।

মাত্র ২৭ হাজার টাকার একটি শাড়িকে কেন্দ্র করে মামলা হওয়ায় বিস্ময় প্রকাশ করেন তিশা। দীর্ঘদিনের ক্যারিয়ারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৫ বছর ধরে সততার সঙ্গে বিনোদন অঙ্গনে কাজ করার পর এমন একটি ঘটনায় আদালতে দাঁড়ানো তার জন্য অপ্রত্যাশিত।

অভিযোগকারীও একজন নারী উল্লেখ করে তিশা বলেন, একজন নারী হয়ে আরেকজন নারীকে এভাবে হয়রানি করা উচিত নয়। ভবিষ্যতে যেন কাউকে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সেই প্রত্যাশাও জানান তিনি।

এর আগে গত ১২ জুলাই তানজিন তিশাকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়ে জামিন নেন তিনি।

মামলাটি দায়ের করা হয় গত বছরের নভেম্বরে। অভিযোগে বলা হয়, একটি শাড়ি নেওয়ার পর এর মূল্য পরিশোধ না করে যোগাযোগ বন্ধ করে দেন তিশা। এ ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

মতামত দিন