বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

ইউরোপে বিরল পূর্ণ সূর্যগ্রহণ, কয়েক মিনিটেই নেমে এলো রাতের আঁধার।

নিজেস্ব প্রতিবেদক:

দিনের আলো হঠাৎ ম্লান হয়ে কয়েক মিনিটের জন্য রাতের মতো অন্ধকারে ঢেকে যায় ইউরোপের বিভিন্ন অঞ্চল। বুধবার দেখা দেওয়া পূর্ণ সূর্যগ্রহণ ঘিরে আইসল্যান্ড, স্পেনসহ বিভিন্ন দেশে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।

গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড হয়ে ইউরোপের দিকে এগোয় পূর্ণ সূর্যগ্রহণের পথ। আইসল্যান্ডের কেফলাভিকে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৭ মিনিটে সম্পূর্ণ অন্ধকার নেমে আসে। দেশটির পশ্চিমাঞ্চলে স্থায়িত্ব ছিল প্রায় ২ মিনিট ১৩ সেকেন্ড।

রেইকিয়াভিকেও এক মিনিটের বেশি সময় পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়। ১৪৩৩ সালের পর শহরটিতে এবারই প্রথম এমন দৃশ্য প্রত্যক্ষ করলেন বাসিন্দারা।

পরে স্পেনের বিভিন্ন এলাকায় পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়। এক শতাব্দীরও বেশি সময় পর দেশটির মানুষ এমন বিরল মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ পেলেন। পর্তুগালের কিছু এলাকাতেও পূর্ণ গ্রহণ দেখা গেছে, আর ইউরোপের অন্যান্য অঞ্চলে ছিল আংশিক গ্রহণ।

পূর্ণ গ্রহণের সময় চাঁদ সূর্যের আলো পুরোপুরি আটকে দেয়। তখন সূর্যের করোনা দৃশ্যমান হয় এবং আশপাশের পরিবেশে গোধূলির মতো অন্ধকার নেমে আসে। একই সঙ্গে তাপমাত্রাতেও সামান্য পরিবর্তন ঘটে।

এই দৃশ্য উপভোগ করতে বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ নির্দিষ্ট এলাকাগুলোতে জড়ো হন। অনেকে বিশেষভাবে সূর্যগ্রহণ দেখতেই সেখানে ভ্রমণ করেন।

২০২৭ সালের আগস্টে স্পেনের দক্ষিণাঞ্চল ও উত্তর আফ্রিকার আকাশেও আরেকটি পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাওয়ার কথা রয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

মতামত দিন