অপরাধ
ছবি: সংগৃহীত

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর।

নিজেস্ব প্রতিবেদক:

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার আশরাফুল হক ডন আপাতত কারাগারেই থাকছেন। বুধবার ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন।

দুপুরে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। ডনের পক্ষে আইনজীবী মো. তরিকুল ইসলাম (জুয়েল) জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।

আসামিপক্ষের বক্তব্য ছিল, মামলার এজাহারে ডনের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং সালমান শাহর মৃত্যুর ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততাও নেই। এসব কারণ দেখিয়ে তাকে জামিন দেওয়ার আবেদন করা হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত আবেদনটি প্রত্যাখ্যান করেন।

এর আগে ৯ আগস্ট ভোরে সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে ডনকে আটক করা হয়। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। একই দিন বিকেলে তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আরিফুর রহমান তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। আদালত তখন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে মারা যান। প্রথম দিকে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখা হলেও পরবর্তী সময়ে ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে তদন্তের দিকে গড়ায়। দীর্ঘ সময় ধরে চলা অনুসন্ধানে একাধিক ব্যক্তির নাম মামলার সঙ্গে যুক্ত হয়েছে।

মামলাটির বর্তমান অভিযোগে ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেন। এতে সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

মতামত দিন