আবহাওয়া
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস।

নিজেস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশে নতুন করে লঘুচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী এক দিনের মধ্যে এই লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকাতেও একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। দেশের কয়েকটি স্থানে মাঝারি মাত্রার ভারি বর্ষণ হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের আভাস নেই। পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া পরিস্থিতির পেছনে মৌসুমি বায়ুর সক্রিয়তাকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আরেকটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে এর অবস্থান মাঝারি পর্যায়ে রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গোপালগঞ্জে। সেখানে ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

মতামত দিন