অপরাধ
ছবি: সংগৃহীত

ধোলাইপাড়ে কোস্ট গার্ডের অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-প্রসাধনী জব্দ।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় তিনটি ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুল্ক পরিশোধ না করে এসব পণ্য দেশে আনা হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ধোলাইপাড় বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় অভিযানটি চালায় কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি দল। গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহজনক যানবাহনগুলোর ওপর নজরদারি করে পরে তল্লাশি চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, তিনটি ভ্যান তল্লাশি করে প্রায় ১ কোটি ১৭ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও প্রসাধনী পাওয়া যায়। জব্দ করা পণ্যগুলো বৈধ কাগজপত্র ছাড়াই দেশে আনা হয়েছিল।

অভিযানের সময় পণ্যগুলোর প্রকৃত মালিকদের কাউকে পাওয়া যায়নি। পরে ভ্যানচালকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের গাড়িসহ ছেড়ে দেওয়া হয়।

উদ্ধার হওয়া সব পণ্য পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড।

চোরাচালান ও শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান সামনে আরও জোরদার করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

মতামত দিন