জানা গেল কবে হতে পারে ২০২৭ সালের রমজান ও ঈদ।
২০২৭ সালে পবিত্র রমজান শুরু হতে পারে ফেব্রুয়ারি মাসে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে সৌদি আরবসহ আরব বিশ্বের বিভিন্ন দেশে সিয়াম সাধনার মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
হিজরি ১৪৪৮ সালের ক্যালেন্ডার বিশ্লেষণ করে সম্ভাব্য এই সময়সূচি সামনে এসেছে। তবে এগুলো এখনো চূড়ান্ত তারিখ নয়; চাঁদ দেখার ওপর নির্ভর করেই রমজান ও ঈদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
জ্যোতির্বিদ্যাগত হিসাব অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি শনিবার শাবান মাসের ২৯ তারিখে রমজানের নতুন চাঁদ দেখার সম্ভাবনা যাচাই করা হবে। হিসাব বলছে, ওই দিন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা কম থাকায় শাবান মাস ৩০ দিনে পূর্ণ হতে পারে। সে ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি শাবানের শেষ দিন এবং পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হবে।
রমজানের দৈর্ঘ্য নিয়েও একটি সম্ভাব্য হিসাব দেওয়া হয়েছে। সে অনুযায়ী ২০২৭ সালের রমজান ২৯ দিনে শেষ হতে পারে। ৮ ফেব্রুয়ারি থেকে হিসাব করলে ৮ মার্চ হবে রমজানের শেষ দিন এবং ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতরের সম্ভাব্য প্রথম দিন।
বাংলাদেশে তারিখ ভিন্ন হতে পারে
চাঁদ দেখার সময় ও ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের রমজান ও ঈদের তারিখ সবসময় একই হয় না। অনেক সময় বাংলাদেশে পরদিন থেকে রোজা শুরু কিংবা ঈদ উদযাপিত হয়।
তাই ২০২৭ সালের রমজান ও ঈদের ক্ষেত্রে এখন যে তারিখগুলো বলা হচ্ছে, সেগুলোকে সম্ভাব্য সময়সূচি হিসেবেই দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে শেষ পর্যন্ত রোজা ও ঈদের তারিখ ঘোষণা করবে।
হিজরি বর্ষ চাঁদের গতিপথের ওপর নির্ভরশীল হওয়ায় প্রতিবছরই গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজান প্রায় ১০ থেকে ১১ দিন করে এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালেও পবিত্র রমজান ফেব্রুয়ারিতে শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
মতামত দিন