জাতীয়
ছবি: সংগৃহীত

এসএসসিতে ফেল মানেই শেষ নয়, শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা শিক্ষামন্ত্রীর।

নিজেস্ব প্রতিবেদক:

এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের মানসিকভাবে ভেঙে না পড়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর মতে, একটি পরীক্ষার ফল দিয়ে কোনো শিক্ষার্থীর সামর্থ্য, ভবিষ্যৎ কিংবা পরিচয় নির্ধারণ করা যায় না।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, ফলাফল খারাপ হওয়ার পর হতাশা তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু এই পরিস্থিতিকে সাময়িক বাধা হিসেবে দেখে সামনে এগিয়ে যেতে হবে। পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে ভবিষ্যতে সাফল্য অর্জনের সুযোগ প্রত্যেক শিক্ষার্থীরই রয়েছে।

তিনি বলেন, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শিক্ষার্থীদের অনেকেই পরিবার, সমাজ কিংবা সহপাঠীদের নানা ধরনের চাপের মুখে পড়ে। এই সময়টায় তাদের সবচেয়ে বেশি প্রয়োজন উৎসাহ ও সহযোগিতা। হতাশায় আটকে না থেকে নিজেদের ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি।

অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ

ফল খারাপ হওয়ার পর সন্তান যেন পরিবারের কাছেই সবচেয়ে বেশি নিরাপত্তা পায়—এমন পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি মনে করেন, অকৃতকার্য হওয়ার পর অনেক শিক্ষার্থী পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া নিয়ে ভয় পায়। তাই এ সময়ে বকাঝকা, অপমান কিংবা তুলনা না করে সন্তানকে বোঝার চেষ্টা করা জরুরি। ঘরকে শাস্তির জায়গা না বানিয়ে সন্তানকে নতুন করে এগিয়ে যাওয়ার সাহস দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

দায় শুধু শিক্ষার্থীর নয়

কোনো শিক্ষার্থী কেন পরীক্ষায় প্রত্যাশিত ফল করতে পারেনি, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন শিক্ষামন্ত্রী। এ ক্ষেত্রে শুধু শিক্ষার্থীর দুর্বলতাকে দায়ী না করে শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার ভূমিকার দিকেও নজর দেওয়ার কথা বলেছেন তিনি।

শিক্ষকদের প্রতি তাঁর আহ্বান, যেসব শিক্ষার্থী পিছিয়ে পড়েছে তাদের আলাদাভাবে চিহ্নিত করে সমস্যার কারণ বের করতে হবে। প্রয়োজন অনুযায়ী তাদের বাড়তি একাডেমিক সহায়তা দেওয়ার ব্যবস্থাও করতে হবে।

শিক্ষামন্ত্রী জানান, অকৃতকার্য শিক্ষার্থীদের পড়াশোনার ঘাটতি পূরণ ও একাডেমিক অগ্রগতির জন্য শিক্ষা মন্ত্রণালয় সহযোগিতা অব্যাহত রাখবে। তাঁর বার্তার মূল কথা—একটি পরীক্ষায় ব্যর্থতা ভবিষ্যতের দরজা বন্ধ করে দেয় না; বরং ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে শুরু করার সুযোগ তৈরি করে।

মতামত দিন