জাতীয়
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, হাদির হত্যাকারীদের ফেরতের অনুরোধ।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দায়িত্ব নেওয়ার পর গত দুই মাসের অভিজ্ঞতা বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন ভারতীয় হাইকমিশনার। এ সময় দুই দেশের বর্তমান সম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্ব পায়। ভারতীয় হাইকমিশনার জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে ভারত কাজ করছে।

একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়টিও আলোচনায় আসে। তাদের প্রত্যর্পণের বিষয়ে ভারতের সহযোগিতা চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে আগের অনুরোধ আবারও জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্ককে আরও কার্যকর ও সহযোগিতামূলক পর্যায়ে নিতে অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন। পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও বৈঠকে উঠে আসে।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন