আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সৌদির আগুনে প্রাণ হারানো ১৬ বাংলাদেশির পরিচয় জানা গেল।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। রাজধানীর শিফা থানার আওতাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বেশিরভাগই রাজশাহী বিভাগের বাসিন্দা। প্রাথমিক তথ্য অনুযায়ী, নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গার দুইজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন এই ঘটনায় মারা গেছেন।

নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের রুবেল প্রামানিক, কলিমউদ্দিন, মোহন ও সুমন রয়েছেন। খরস্রোতা গ্রামের মজিদুলও এ ঘটনায় মারা গেছেন।

এ ছাড়া উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল এবং সাদনগর গ্রামের সাগরের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আত্রাইয়ের মিনহাজের গ্রামের আরেকজনের নামও প্রাথমিক তালিকায় রয়েছে, তবে তার পূর্ণ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামিম এবং খাজুরা গ্রামের সাব্বিরও অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন। রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম-ডাংগাপাড়া এলাকার শ্যামল নিহত হওয়া অপর বাংলাদেশি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের বিষয়ে প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় তথ্য জানানো হবে।

কারখানাটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং অগ্নিকাণ্ডের সময় সেখানে কী পরিস্থিতি ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। সৌদি কর্তৃপক্ষের তদন্তের পর এ বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে।

ভয়াবহ এই ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

মতামত দিন