অপরাধ
ছবি: সংগৃহীত

১০০ টাকার ভাত-মাংসের ‘ভাইরাল মিজান’ এবার গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে কম দামে গরুর মাংস ও ভাত বিক্রির কারণে পরিচিত হয়ে ওঠা মিজানুর রহমান ওরফে ‘ভাইরাল মিজান’ এবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে কাফরুল থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, আগারগাঁও এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানের সময় মিজানের দোকানের সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হলে তিনি সেখানে বাধা দেন বলে অভিযোগ ওঠে।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযানে থাকা সিটি করপোরেশনের কর্মী ও পুলিশ সদস্যদের সঙ্গে মিজানের বাগ্‌বিতণ্ডা হয় এবং তিনি তাদের ওপর হামলা চালান বলে পুলিশের অভিযোগ। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

কাফরুল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মিজানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, ফুটপাত ও বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই আগারগাঁওয়ে অভিযান চালানো হয়েছিল।

এর আগে স্বল্প দামে গরুর মাংসসহ ভাত বিক্রি এবং বিভিন্ন প্রচারণামূলক অফারের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন মিজানুর রহমান। তার খাবারের দোকান ঘিরে অনলাইনে তৈরি হয়েছিল ব্যাপক পরিচিতি। এবার সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

মতামত দিন