জাতীয়
ছবি: সংগৃহীত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলেসহ তিনজনের।

নিজেস্ব প্রতিবেদক:

বগুড়ায় মহাসড়কের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাবা ও তার ১৮ বছর বয়সী ছেলে রয়েছেন।

এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শহরের ছিলিমপুর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের উড়াল সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত বাবা-ছেলের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন শেরপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার আনন্দ সরকারের ছেলে তাপস সরকার (৩৫) ও তার ছেলে তীব্র সরকার (১৮)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত নূর ইসলামকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে মহাসড়কের ওই স্থানে একটি ঢাকাগামী ট্রাকের চাকা বিকল হয়ে যায়। ট্রাকটি রাস্তার পাশে রেখে চালক ও সহকারী মেরামতের কাজ শুরু করেন। এ সময় চাকা পরিবর্তনে সহায়তা করতে সেখানে যান তাপস ও তার ছেলে।

এর কিছুক্ষণ পর রংপুরের দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ট্রাকটিকে সজোরে আঘাত করে। এতে দাঁড়িয়ে থাকা লোকজনও ধাক্কার মধ্যে পড়ে যান। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহত তাপসের শ্যালক নয়ন রায় জানান, ট্রাকের চাকা নষ্ট হওয়ার খবর পেয়ে তাপস ছেলেকে সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিলেন। মেরামতের কাজ চলার সময় পেছন থেকে আসা ট্রাকটি তাদের ধাক্কা দেয়।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। ধাক্কায় ট্রাকের কেবিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেতর থেকে মরদেহ বের করতে কিছুটা সময় লাগে।

বগুড়া সদর থানার এসআই মুঞ্জুর মোর্শেদ জানান, দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজট তৈরি হলেও দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হয়েছে। অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মতামত দিন