রাজনীতি
ছবি: সংগৃহীত

জুলাই স্মৃতি জাদুঘরে দলীয় বয়ান নয়, প্রকৃত ইতিহাস চান নাহিদ ইসলাম।

নিজেস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের জন্য গড়ে ওঠা জাদুঘরকে কোনো রাজনৈতিক দলের ইতিহাস চর্চার জায়গায় পরিণত না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে তিনি বলেন, জাদুঘরটির একটি জাতীয় চরিত্র থাকা প্রয়োজন।

এখানে এমন ইতিহাস তুলে ধরা উচিত, যা রাজনৈতিক পক্ষপাতের বাইরে থেকে সবাই গ্রহণ করতে পারে এবং যেখানে প্রকৃত ঘটনাগুলোই স্থান পাবে।

নাহিদ ইসলাম বলেন, অতীতেও দেশের ইতিহাসকে রাজনৈতিকভাবে ব্যবহারের নজির রয়েছে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস ও পাঠ্যপুস্তকের বিষয়বস্তু পরিবর্তনের ঘটনাও ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে সে ধরনের দলীয় ইতিহাসের অংশ না করার ওপর গুরুত্ব দেন তিনি।

জাদুঘর পরিদর্শনে গিয়ে আগের তুলনায় কিছু পরিবর্তন দেখতে পেয়েছেন বলেও জানান নাহিদ। তার দাবি, আগে এখানে সীমান্ত হত্যার ঘটনাগুলো নিয়ে একটি আলাদা অংশ ছিল। সীমান্তে নিহত বাংলাদেশিদের তালিকার পাশাপাশি ফেলানির একটি ভাস্কর্যও ছিল, যা বর্তমানে দেখা যাচ্ছে না।

এ ছাড়া মোদি বিরোধী আন্দোলনের কিছু ছবি ও স্মৃতিচিহ্নও সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এসব পরিবর্তনের পেছনে ভারতকে সন্তুষ্ট করার চেষ্টা থাকতে পারে বলে মন্তব্য করে নাহিদ বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক মর্যাদা ও সম্মানের ভিত্তিতে।

এ সময় নাহিদের সঙ্গে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মতামত দিন