আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি হামলা, নিহত ছাড়াল ১,২৫০।

নিজেস্ব প্রতিবেদক:

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজার ২৫৭ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও ৪ হাজার ১৩১ জন।

মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ৪৮ ঘণ্টায় গাজার হাসপাতালগুলোতে আগের হামলায় আহত হয়ে পরে মারা যাওয়া দুই ফিলিস্তিনির মরদেহ পৌঁছেছে। নতুন করে আহত হয়েছেন ছয়জন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় প্রায় প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে। এর ফলে যুদ্ধবিরতির মধ্যেও হতাহতের সংখ্যা বাড়ছে।

এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা ৭৩ হাজার ৩৮৪ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ২৪২ জন।

এ পরিস্থিতির মধ্যেই গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা ও হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা চলছে। হামাস জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা অস্ত্র সমর্পণে সম্মত হবে না।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ নেতা ও আলোচক দলের সদস্য গাজি হামাদ বলেন, নিরস্ত্রীকরণের বিষয়টি ইসরায়েলের সেনা প্রত্যাহার এবং গাজার পুনর্গঠনের সঙ্গে সরাসরি যুক্ত। তার দাবি, এ প্রক্রিয়ায় ইসরায়েলের কোনো ভূমিকা থাকবে না; বরং একটি ফিলিস্তিনি জাতীয় কমিটি এর তত্ত্বাবধান করবে।

মতামত দিন