এক দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম।
দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এক দিনের ব্যবধানেই প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের নতুন নির্ধারিত দরে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে এখন খরচ হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা। এসব দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার কারণে নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর বহাল থাকবে।
এর আগে শুক্রবারই স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। এক দিনের ব্যবধানেই আবার দাম বাড়ানোর নতুন সিদ্ধান্ত এলো।
তবে স্বর্ণের সঙ্গে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৩ টাকা দরে বিক্রি হচ্ছে।

মতামত দিন