জাতীয়
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট কাটাতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট একদিনে তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার ভাষ্য, অতীতে কিছু প্রতিষ্ঠানের সুবিধা নিশ্চিত করতে নেওয়া অপরিকল্পিত সিদ্ধান্তের প্রভাব এখন পুরো দেশকে বহন করতে হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় সরকার ধাপে ধাপে প্রয়োজনীয় পরিকল্পনা বাস্তবায়ন করছে।

শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের অর্থনীতি ও বিভিন্ন খাতে নানা ধরনের সংকট দেখতে পেয়েছে। এর মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতিও অন্যতম। মানুষের দুর্ভোগ কমাতে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের পরিকল্পনাও নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, রাষ্ট্র ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আগের ব্যবস্থার সুবিধাভোগী একটি অংশ এখনো সক্রিয় রয়েছে। এই গোষ্ঠী বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তবে সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে।

তারেক রহমান বলেন, দেশের মানুষ যে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির সংকটে রয়েছে, সরকার তা অস্বীকার করছে না। বরং সংকটের বাস্তবতা বিবেচনায় নিয়ে কীভাবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি করা যায়, সে লক্ষ্যেই কাজ চলছে।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে ড্যাবের চিকিৎসক ও নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনসহ ড্যাবের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

মতামত দিন