আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু করল রিয়াদ এয়ার।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ও সৌদি আরবের আকাশপথে যুক্ত হলো নতুন একটি সরাসরি সেবা। সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার ঢাকা-রিয়াদ রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

এর মধ্য দিয়ে দুই দেশের যাত্রীদের জন্য সরাসরি ভ্রমণের আরও একটি সুযোগ তৈরি হলো।

শনিবার (৮ আগস্ট) সকালে রিয়াদ থেকে আসা রিয়াদ এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিকে আনুষ্ঠানিকভাবে ওয়াটার স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়।

নতুন এই রুট চালুর ফলে সৌদি আরবের রাজধানী রিয়াদের সঙ্গে ঢাকার সরাসরি বিমান যোগাযোগ আরও বিস্তৃত হলো। বিশেষ করে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসী, ব্যবসায়ী এবং দুই দেশের পর্যটকদের যাতায়াতে এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ এবং রিয়াদ এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার ভিন্সেন্ট কোস্টা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রিয়াদ এয়ারের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোর সঙ্গে সৌদি আরবের যোগাযোগ বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবেই নতুন নতুন আন্তর্জাতিক রুট চালু করা হচ্ছে। একই সঙ্গে যাত্রীদের আধুনিক ও উন্নত ভ্রমণসেবা দেওয়ার ওপরও গুরুত্ব দিচ্ছে এয়ারলাইনটি।

ঢাকা-রিয়াদ রুটে প্রতিদিন চলবে রিয়াদ এয়ারের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার। স্থানীয় সময় অনুযায়ী, রিয়াদ থেকে উড়োজাহাজটি রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। বিপরীতে ঢাকা থেকে সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে রিয়াদে পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে।

দুই দেশের মধ্যে ব্যবসা, কর্মসংস্থান ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বাড়ার সঙ্গে সঙ্গে বিমান ভ্রমণের চাহিদাও বাড়ছে। নতুন এই সরাসরি ফ্লাইট সেই বাড়তি চাহিদা পূরণে কতটা ভূমিকা রাখে, এখন সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্টদের।

মতামত দিন