আবহাওয়া
ছবি: সংগৃহীত

আগস্টে লঘুচাপ ও স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, বাড়তে পারে তাপমাত্রা।

নিজেস্ব প্রতিবেদক:

আগস্ট মাসে দেশের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টির কারণে স্বল্পমেয়াদি বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি, বজ্রঝড় এবং স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মাসিক পূর্বাভাসে বলা হয়েছে, আগস্টে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ থেকে ছয় দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড়ও হতে পারে।

ভারী বৃষ্টির প্রভাবে বিশেষ করে উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় সাময়িক বন্যা দেখা দিতে পারে। একই সময়ে দেশের প্রধান নদ-নদীর পানিও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

তাপমাত্রার ক্ষেত্রেও কিছুটা অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। মাসজুড়ে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এক থেকে দুই দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে জুলাইয়ের আবহাওয়ার পরিসংখ্যানে দেখা গেছে, ওই মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম বিভাগে, ৫৯ শতাংশ। সিলেট বিভাগে স্বাভাবিকের চেয়ে ৩৭ দশমিক ৩ শতাংশ বেশি বৃষ্টি রেকর্ড করা হয়। বিপরীতে ময়মনসিংহে স্বাভাবিকের তুলনায় শূন্য দশমিক ০৫ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।

জুলাইয়ে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ তৈরি হয়েছিল। এর মধ্যে দুটি মৌসুমি নিম্নচাপে পরিণত হয়। ৮ জুলাই চট্টগ্রামে ৩২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়, যা ছিল ওই মাসে দেশের সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত।

গত মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রাজশাহীতে ৪ জুলাই। অন্যদিকে ২১ ও ২২ জুলাই সিলেটে সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

আগস্টে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৫ ঘণ্টা হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

মতামত দিন