হবিগঞ্জে দুই কাভার্ডভ্যানসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ।
হবিগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। পৃথক অভিযানে দুটি কাভার্ডভ্যানের পাশাপাশি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে ভারতীয় ফুচকা ও মদ।
৫৫ বিজিবির পক্ষ থেকে শুক্রবার (৭ আগস্ট) রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মাধবপুরের বেজুরা বাসস্টপ এলাকায় সন্দেহজনক একটি কাভার্ডভ্যানের সন্ধান পায় বিজিবি। সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে ওই এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়েছিল বিজিবির একটি দল। রাতের দিকে সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে গাড়িটি ফেলে পালিয়ে যায় সংশ্লিষ্টরা।
পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাওয়া যায়। চোরাচালানে ব্যবহৃত হওয়ায় কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।
এরপর ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি-চাকলাপুঞ্জি চা-বাগান এলাকায় অভিযান চালানো হয়। সেখানে আরেকটি কাভার্ডভ্যান থেকে উদ্ধার করা হয় ভারতীয় কম্বল।
সীমান্তের আরও দুটি এলাকাতেও অভিযান চালায় বিজিবির টহল দল। জাম্বুরাছড়া ও লম্বাটিলায় ফেলে যাওয়া কয়েকটি বস্তা থেকে ৮৪৬ কেজি ভারতীয় ফুচকা এবং পাঁচ বোতল মদ উদ্ধার করা হয়। এসব পণ্যের কোনো মালিক পাওয়া যায়নি।
৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচার ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালানকারীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।
উদ্ধার হওয়া মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মতামত দিন