নিরাপত্তা নিশ্চিত হলে আনন্দের সঙ্গে দেশে ফিরব: সাকিব।
দেশে ফেরার পথ খুলে দিতে সরকারের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। নিরাপত্তা নিশ্চিত করা হলে দীর্ঘদিনের প্রবাসজীবন শেষ করে দেশে ফিরবেন এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনি প্রক্রিয়ায় অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান তুলে ধরেন সাকিব। তিনি দাবি করেন, কোনো অন্যায় করেননি এবং আদালতের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করতে চান। তার ভাষ্য, দেশে ফেরার জন্য প্রয়োজন শুধু নিরাপদ পরিবেশের নিশ্চয়তা।
সাকিব বর্তমানে শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নেওয়া এই অলরাউন্ডারের লক্ষ্য দেশে ফিরে বিদায়ী একটি সিরিজ খেলা। পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। ওই সময় তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। সরকার পরিবর্তনের পর তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অভিযোগে মামলা হয়। এরপর থেকে দেশে ফেরেননি তিনি।
সাকিবের দাবি, তার বিরুদ্ধে করা মামলাগুলোর কয়েকটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় তিনি আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পুলিশের কাছে চিঠি পাঠিয়ে এসব মামলা প্রত্যাহারের আবেদন করেছিলেন। তবে কোনো জবাব পাননি বলে জানিয়েছেন তিনি।
সাম্প্রতিক সময়ে দিল্লিতে শেখ হাসিনাকে নিয়ে আয়োজিত একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর আবারও আলোচনায় আসেন সাকিব। ওই অনুষ্ঠানে নিজের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, সেখানে তিনি কেবল শান্তি ও বাংলাদেশের উন্নতির কথা বলেছেন। এ কারণে নিজের অংশগ্রহণ নিয়ে কোনো অনুশোচনা নেই বলেও জানান।
সংবাদ সম্মেলনের পর দেশে তার খালি বাড়িতে হামলার ঘটনাও ঘটে। তবে এসব পরিস্থিতির মধ্যেও দেশে ফেরার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সাকিব আরও জানান, দ্রুত সম্ভব হলে দেশে ফিরতে চান। তা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার বিষয়টিও বিবেচনায় রাখছেন। একই সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার বিষয়ে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
সাকিবের বক্তব্যের বিষয়ে রয়টার্স প্রধানমন্ত্রীর মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মতামত দিন