আবহাওয়া
ছবি: সংগৃহীত

১২ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

একদিকে দেশের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা, অন্যদিকে কয়েকটি নদী অববাহিকায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের কয়েকটি অঞ্চলে এমন পরিস্থিতি দেখা দিতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে পানি বাড়তে পারে। একই পরিস্থিতির আশঙ্কা রয়েছে ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের নিচু এলাকাগুলোতে।

আত্রাই নদীর পানি বাড়লে নওগাঁ ও নাটোরের কিছু এলাকাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে নদীসংলগ্ন ও নিচু এলাকার বাসিন্দাদের পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে।

এর পাশাপাশি দেশের ১২টি অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে। বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের তথ্য অনুযায়ী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে।

এই আবহাওয়া পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধির প্রভাবে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা বা প্লাবন দেখা দিতে পারে। তাই ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন