অর্থনীতি
ছবি: সংগৃহীত

এক দিনের ব্যবধানে আবার কমল সোনার দাম।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বাজারে এক দিনের ব্যবধানেই আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

শুক্রবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের সোনার দামও কমানো হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি এখন ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর বহাল থাকবে।

এর আগে বৃহস্পতিবারই সোনার দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের এক ভরির দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা করা হয়েছিল। অর্থাৎ এক দিনের ব্যবধানে একই মানের সোনার দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।

বর্তমান দরে ১১ দশমিক ৬৬৪ গ্রাম ওজনের এক ভরি ২২ ক্যারেট সোনা কিনতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা খরচ হবে। তবে অলঙ্কারের ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৯৯ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৮ বার দাম বাড়ানো হয়েছে, ৫০ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

বাজুস আরও জানিয়েছে, সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। অলঙ্কার বদল বা কেনাবেচার ক্ষেত্রে নির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দেওয়ার বিষয়ে আগের নিয়মই কার্যকর থাকবে।

মতামত দিন