জাতীয়
ছবি: সংগৃহীত

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মহাসড়ক, কুমিল্লায় ১৫ কিলোমিটার যানজট।

নিজেস্ব প্রতিবেদক:

টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানবাহনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাইওয়ে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) সকাল থেকে আমতলী এলাকাকে ঘিরে তৈরি হওয়া যানজট আলেখারচর থেকে সুয়াগাজী পর্যন্ত ছড়িয়ে পড়ে।

এতে দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার বাসের যাত্রীসহ পরিবহন শ্রমিকরা।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে স্বাভাবিক গতি ফেরেনি। বিভিন্ন স্থানে গাড়িগুলোকে দীর্ঘ সময় থেমে থাকতে দেখা যায়। পরে ধীরগতিতে চলতে শুরু করলেও যানবাহনের সারি কমার বদলে আরও দীর্ঘ হয়।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক আনিসুর রহমান জানান, মহাসড়কের ওই অংশে প্রায় তিন মাস ধরে সংস্কারকাজ চলছে। এর মধ্যে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে সড়কের আশপাশের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত তিন দিন ধরে হাইওয়ে পুলিশের সদস্যরা পালা করে দায়িত্ব পালন করছেন।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা বলেন, আমতলী এলাকায় বৃষ্টি হলেই যান চলাচলে সমস্যা দেখা দেয়। গত তিন থেকে চার সপ্তাহ ধরে চলা বৃষ্টিতে মহাসড়কের ওই অংশের ক্ষয়ক্ষতি আরও বেড়েছে।

সড়ক ক্ষতিগ্রস্ত থাকা অবস্থায় যানবাহনের চাপ অব্যাহত থাকায় ভোগান্তি দ্রুত কাটছে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ফলে কুমিল্লার এই অংশ দিয়ে চলাচলকারী যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের দুর্ভোগ আরও বাড়ছে।

মতামত দিন