কনসার্টে হাসানের মুখে পানির বোতল, নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
মানিক মিয়া অ্যাভিনিউয়ের একটি কনসার্টে গান গাওয়ার সময় দর্শকদের দিক থেকে ছোড়া পানির বোতলের আঘাত পেয়েছেন ব্যান্ড আর্কের ভোকাল হাসান। বুধবারের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
‘বর্ষা বিপ্লবের গান’ নামে আয়োজিত কনসার্টটি ছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে। অনুষ্ঠানের মঞ্চে হাসান ছাড়াও পারসা, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন ও আর্টসেলের মতো শিল্পী ও ব্যান্ড সংগীত পরিবেশন করেন।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যে দেখা যায়, দর্শকদের কাছাকাছি গিয়ে গান করছিলেন হাসান। ঠিক তখনই একটি পানির বোতল ছুটে এসে তার মুখে লাগে। বোতল থেকে পানি ছিটকে মঞ্চেও পড়ে। আকস্মিক এই ঘটনার পরও গানের পরিবেশনা চালিয়ে যান তিনি।
এ ঘটনার প্রতিক্রিয়ায় সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শিল্পীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। অনুষ্ঠানে হাসানকে লক্ষ্য করে বোতল ছোড়ার পাশাপাশি সামনের দিক থেকে কিছু দর্শকের ‘ভুয়া’ স্লোগান দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
প্রিন্স মাহমুদ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়ে বলেন, মঞ্চে থাকা শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো সফল আয়োজনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আয়োজকেরা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেটমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই কনসার্টে দর্শকদের আচরণ নিয়ন্ত্রণ এবং শিল্পীদের নিরাপত্তায় আয়োজকদের আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মতামত দিন