বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের নিয়ে মক্কায় ৪৬তম কোরআন প্রতিযোগিতা শুরু।
পবিত্র কোরআনকে কেন্দ্র করে সৌদি আরবের মক্কায় বসেছে আন্তর্জাতিক আসর। শুরু হয়েছে কোরআন বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতার ৪৬তম অধিবেশন।
সৌদি বার্তা সংস্থা এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতার এবারের আয়োজন শুরু হয়। হিফজ, তিলাওয়াত ও কোরআনের ব্যাখ্যাসহ মোট পাঁচটি বিভাগে প্রতিযোগিতা হবে।
এবারের আসরের অন্যতম নতুন দিক হলো নারী প্রতিযোগীদের জন্য আলাদা আয়োজন। মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে তাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। পুরুষ প্রতিযোগীদের সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে পবিত্র গ্র্যান্ড মসজিদে।
আয়োজকদের মতে, শুধু কোরআন মুখস্থ করাই নয়, এর অর্থ ও শিক্ষা অনুধাবনের প্রতিও তরুণদের আগ্রহী করে তোলা এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি কোরআনের সেবা এবং হাফেজদের সম্মান জানাতে সৌদি আরবের বিভিন্ন উদ্যোগও এই প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরা হচ্ছে।
অংশগ্রহণের দিক থেকেও এবারের আয়োজন নতুন রেকর্ড তৈরি করেছে। প্রতিযোগিতার ইতিহাসে এত বেশি দেশ ও প্রতিযোগীর অংশগ্রহণ এর আগে দেখা যায়নি।
এবার পাঁচটি বিভাগে প্রতিযোগীদের জন্য রাখা হয়েছে ১ কোটি ২ লাখ ৬০ হাজার সৌদি রিয়ালের পুরস্কার। প্রতিযোগিতা শুরুর পর থেকে এটিই সর্বোচ্চ পুরস্কারের অর্থমূল্য।

মতামত দিন