জাতীয়
ছবি: সংগৃহীত

র‌্যাব নামে আর থাকছে না নতুন নামে আসছে বাহিনী, খসড়া বিল প্রকাশ।

নিজেস্ব প্রতিবেদক:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নতুন নামে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত নতুন বাহিনীর নাম দেওয়া হয়েছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’

এ নিয়ে একটি খসড়া আইন অনুমোদনের পর জনসাধারণের মতামতের জন্য প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রস্তাবিত আইনে র‌্যাবের বর্তমান কাঠামোকে নতুন আইনি কাঠামোর আওতায় এনে বাংলাদেশ পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে এসআরবি গঠনের কথা বলা হয়েছে। একই সঙ্গে ইউনিটটির দায়িত্ব, অভিযান পরিচালনা, তদন্ত কার্যক্রম ও সদস্যদের শৃঙ্খলার বিষয়গুলো আইনের মাধ্যমে নির্ধারণের প্রস্তাব রয়েছে।

খসড়া অনুযায়ী, এসআরবির প্রধান হিসেবে পুলিশের একজন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। বাহিনীটির সদর দপ্তর ঢাকায় স্থাপনের প্রাথমিক পরিকল্পনাও রয়েছে। সরকার নির্ধারিত প্রতীক, পতাকা ও আলাদা পোশাক থাকবে নতুন এই ইউনিটের।

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় এসআরবিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, মাদকবিরোধী অভিযান, সাইবার অপরাধ দমন, মানবপাচার এবং সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ।

খসড়া আইনে নাগরিকদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য পৃথক কমিটি গঠনের ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি বাহিনীর সদস্যদের শৃঙ্খলা ও দায়িত্ব পালনের বিষয়েও নির্দিষ্ট বিধান প্রস্তাব করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনমত গ্রহণের পর খসড়াটি সংশোধন ও চূড়ান্ত করা হবে। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত নিয়ে এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদন পেলে আইনটি জাতীয় সংসদে পাসের জন্য পাঠানো হবে।

নতুন আইন কার্যকর হলে র‌্যাবের বর্তমান আইনি কাঠামো বিলুপ্ত হয়ে এসআরবির জন্য নতুন আইন কার্যকর হবে। তবে নতুন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত বিদ্যমান কিছু বিধান বহাল রাখার সুযোগও খসড়ায় রাখা হয়েছে।

মতামত দিন