দক্ষিণ লেবাননে নতুন করে উত্তেজনা, ইসরায়েলি হামলায় আহত ৪।
দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায় আবারও সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল। টাইর জেলার একাধিক স্থানে ড্রোন, যুদ্ধবিমান, ট্যাংক ও গোলন্দাজ ইউনিটের সমন্বিত হামলায় অন্তত চারজন আহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, বুর্জ শেমালি শহরকে লক্ষ্য করে প্রথমে তিন দফা ড্রোন হামলা চালানো হয়। পরে একই স্থানে যুদ্ধবিমান থেকে আরও একটি হামলা হয়। এতে চারজন আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই সময়ে আল-মানসুরি শহর ও মাজদাল জুন সংলগ্ন খোলা এলাকাতেও বিমান হামলা চালানো হয়। পাশাপাশি ট্যাংক ও আর্টিলারি ইউনিট থেকে ভারী গোলাবর্ষণ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আল-মানসুরি, মাজদাল জুন এবং আশপাশের উপত্যকাজুড়ে থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত ছিল। পরে ভোরের দিকে হামলার বিস্তার হাদ্দাথা শহরের উপকণ্ঠ পর্যন্ত পৌঁছে যায়। এছাড়া বিউত আল-সিয়াদ এলাকার উপকূলীয় আল-হামরা অঞ্চলেও মেশিনগান থেকে গুলি চালায় ইসরায়েলি বাহিনী।
টানা হামলার কারণে দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় আবারও অস্থিরতা বেড়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের উদ্দেশে টাইর শহরসহ আশপাশের এলাকায় চলে যাচ্ছে।
সূত্র: ন্যাশনাল নিউজ এজেন্সি

মতামত দিন