দাবি আদায়ে ঢাকাসহ চার বিভাগে লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের।
গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এর অংশ হিসেবে সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত ঢাকাকে কেন্দ্র করে দেশের চারটি বিভাগে লংমার্চ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এসব কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ঘোষিত সূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লংমার্চ অনুষ্ঠিত হবে। পরে ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে জোটটি।
সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ও দায়ীদের বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে। লংমার্চ কর্মসূচিতে বাধা দেওয়া হলে তা আরও শক্তভাবে মোকাবিলা করা হবে বলেও তিনি সতর্ক করেন।
কর্মসূচিতে সংহতি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের প্রত্যাশা উপেক্ষা করেছে। তিনি বলেন, গ্যাসের দাম বৃদ্ধি কিংবা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকার জনসমর্থন হারাবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে দখল ও সহিংসতার অভিযোগ তুলে তা প্রতিরোধের ঘোষণাও দেন তিনি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বৃষ্টির মধ্যেও অবস্থান কর্মসূচিতে জোটের নেতাকর্মীরা অংশ নেন।

মতামত দিন