চার বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা।
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় চার বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের মতে, টানা ও অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় মাটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ভারি বৃষ্টির কারণে নিচু এলাকা ও নগরাঞ্চলের কিছু স্থানে সাময়িক জলাবদ্ধতারও সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মতামত দিন