জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাক্ষী সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার।
ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি প্রস্তুত এবং আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বুধবার (৫ আগস্ট) ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে কক্সবাজার থেকে বিমানে ঢাকায় ফেরার পর বিমানবন্দর এলাকায় নজরদারির মাধ্যমে তাকে আটক করা হয়।
ডিবি সূত্র জানায়, রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় ‘অপারেশন ঈগল হান্ট’–সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
এ ছাড়া ২০১৩ সালে রাজধানীর বনানীতে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় দায়ের করা মামলাতেও তার নাম রয়েছে। ডিবি জানিয়েছে, তাকে আদালতে হাজিরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত দিন